বসন্তবরণ অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে একই দিনে একই স্থানে একাধিক প্রতিষ্ঠান ও সংগঠন বসন্তবরণের একাধিক কর্মসূচি গ্রহণ করায় আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও এর চারপাশে এ নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল বিকেল ৫টা থেকে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।

জানা যায়, আজ ১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন উদযাপন উপলক্ষে গফরগাঁও সরকারি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’ ও ‘স্বপ্নচর সমাজকল্যাণ সংস্থা’র পাশাপাশি গফরগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষ পৃথক কর্মসূচি গ্রহণ করে।

গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ বলেন, পয়লা ফাল্গুন উপলক্ষে দিনব্যাপী বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। কিন্তু আমাদের না জানিয়ে আরও দুটি সংগঠন কলেজ মাঠে অনুষ্ঠানের প্রচারণা চালায়। পরে প্রশাসনের ১৪৪ ধারা জারির চিঠি পেয়ে আমাদের কর্মসূচি স্থগিত করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ এবং দুটি স্বেচ্ছাসেবী সংগঠন একই সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আমাকে চিঠি দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে ১৪৪ ধারা জারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত