ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নিপাহ ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম (২২)। গতকাল সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা গেছেন তিনি।
স্বজনরা জানান, তিন সপ্তাহ আগে ৪-৫ জন বন্ধু মিলে খেঁজুরের রস খেয়েছিল শাহ আলম। নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে শাহ আলম। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
শাহ আলমের ভগ্নীপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করেন শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ শরীরে জ¦র অনুভব করেন তিনি। এরপর ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করানো হয় তাকে। পরদিন শুক্রবার জ¦র আরও বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান, বমিও করেন। এই অবস্থা দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। কথাও বলতে পারেননি আর। গতকাল সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।
