লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় ছেলের দায়ের কোপে জয়নুদ্দিন (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ছেলে আবদুল মতিন (৩৫) পলাতক। গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মতিন নিহত জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
