গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলেশ বাগচীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে বিএমএ, গোপালগঞ্জ জেলা শাখা।
এ ঘটনায় গতাকাল সোমবার রাতে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন হামলার শিকার কমলেশ বাগচী।
মানববন্ধনে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা জসিম উদ্দিন, ডা. এ এফ এম জুলফিকার রহমান, ডা. তানভীর হোসেন, ডা. তরিকুল ইসলাম, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সকাল উপজেলার গিমাডাঙ্গা গ্রামের এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ডা. কমলেশ বাগচীকে মারধর করে পালিয়ে যায়।
