ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী ঘর দেবে সৌদি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২২ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরব। বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ বলেন, ‘সৌদি আরব তিন হাজার অস্থায়ী ঘর নির্মাণের বিষয়ে চিন্তা করছে। আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া অব্যাহত রাখব’।

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তুরস্ক ও সিরিয়ায় অসংখ্য বাড়ি ধসে পড়ে। বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে।

ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ৪১ হাজার ২১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছে ৩৫ হাজার ৪১৮ জন। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত