ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া রহমতিয়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষের ওপরে থাকা পল্লীবিদ্যুতের তার ও খুঁটি স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল বুধবার বেলা এগারোটায় মাদ্রাসা চত্বরে মানববন্ধনে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি মুনসুর আলম, মাদ্রাসার সুপার শহিদুল্লাহ আকন, সহসুপার ওমর ফারুক, এনামুল কবির।
বক্তারা বলেন, মাদ্রাসার টিনশেড শ্রেণিকক্ষের ওপর দীর্ঘদিন ধরে ঝুঁকপূর্ণ বিদ্যুতের তার এবং মাঠ ও মাদ্রাসার কক্ষসংলগ্ন দুটি খুঁটি রয়েছে। এ নিয়ে সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হচ্ছে। সম্প্রতি এ মাদ্রাসার বহুতল ভবন নির্মাণে বরাদ্দ এসেছে। কিন্তু বিদ্যুতের তার ও খুঁটির কারণে ভবন নির্মাণকাজ শুরু করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের তার ও খুঁটি না সরিয়ে বর্তমানে কাঠের খুঁটি পরিবর্তন করে পাকা খুঁটি স্থাপন করার চেষ্টা চালাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তারা দ্রুত বিদ্যুতের খুঁটি মাদ্রাসার উত্তর পাশ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান। পল্লী বিদ্যুতের রাজাপুর সাব জোনাল কার্যালয়ের এ জি এম মধুসুদন দত্ত বলেন, লোক পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
