চট্টগ্রামের হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর, গাড়িতে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামি পক্ষের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
২০২১ সালের ৩০ মার্চ ভূমি অফিসে ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ওই অফিসের নাজির একরামুল হক শিকদার। মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছর আদালতে চার্জশিট দেয় পুলিশ।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ৩০ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীরা থানায় হামলা চালালে পুলিশ আত্ম রক্ষার্থে গুলি ছোড়ে। এসময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। ঘটনার জেরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা, ডাকবাংলো, সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালান।
