বড়াইগ্রামে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ পিএম

নাটোরের বড়াইগ্রামের কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা, ভাঙচুর ও মারপিটের প্রতিবাদ এবং গোলাম মাসুদ ও সজীবসহ সব অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তার দুই পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনকালে প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, জরিদা খাতুন, রফিকুল ইসলাম ও ফারুক হোসেন এবং শিক্ষার্থী শাফি হাসান রিফাত, ফাহিম আহমেদ ও মাহফুজা খাতুন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে গোলাম মাসুদ ও সজীবের নেতৃত্বে বহিরাগত কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের হামলায় একজন সহকারী শিক্ষকসহ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী আহত হয়। এ সময় তারা অনুষ্ঠানের মঞ্চসহ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরও করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত