নাটোরের বাগাতিপাড়ায় একটি গাভী যমজ বাছুর প্রসব করেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগাতিপাড়া গ্রামে কৃষক রবীন্দ্রনাথ সরকারের একটি ফ্রিজিয়ান গাভী দুটি এঁড়ে বাছুরের জন্ম দেয়। বাছুর দুটি দেখতে এলাকাবাসী রবীন্দ্রনাথের বাড়িতে ভিড় করছেন।
গাভীর মালিক রবীন্দ্রনাথ সরকার বলেন, আমি কখনো যমজ বাছুর একসঙ্গে ভূমিষ্ঠ হওয়া দেখিনি। তবে লোকের মুখে শুনেছি এরকম হয়। আমি খুবই আনন্দিত। প্রায় ৯ মাস আগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ওমর আলী আমার গাভীটির কৃত্রিম প্রজনন করে দেন। বর্তমানে গাভীটির শারীরিক অবস্থা একটু খারাপ।
যমজ বাছুর দেখতে পাশের গ্রাম যুগীপাড়া থেকে এসেছেন আলাউদ্দিন প্রামাণিক। তিনি বলেন, ‘আমি নিজেও গাভী পালন করি। কিন্তু যমজ বাছুর হওয়া কখনো দেখিনি। তাই দেখতে এলাম।’
উপজেলা ভেটেরিনারি সার্জন আবু হায়দার বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। এটি সাধারণত একাধিক ওভুলেশনের কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে গাভী বা বাছুর যদি অসুস্থ হয় তবে আমাদের কাছে নিয়ে এলে দেখে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দেব।
