কক্সবাজারের হোটেলে নারী খুন, হত্যাকারী আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১০ পিএম

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে এক নারীকে হত্যার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর খুলনার বাগেরহাট সদর এলাকার আতাইকাঠী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

র‍্যাব-৭ জানায়, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজারে 'সি বার্ড' নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিলেন মোস্তাফিজ এবং ওই নারী। পরদিন সন্ধ্যায় মোস্তাফিজ হোটেল কক্ষে তালা দিয়ে বেরিয়ে যান। সন্ধ্যায় হোটেলবয় কক্ষের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে তালাবদ্ধ দেখেন। পরে খবর দিলে পুলিশ ওই কক্ষ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মোস্তাফিজকে শনাক্ত করে র‌্যাব। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোস্তাফিজকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার (মোস্তাফিজ) বিরুদ্ধে মাদক ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে চারটি মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নিহত ওই নারী মোস্তাফিজের স্ত্রী নয়। এর আগেও একাধিকবার নারী নিয়ে ওই হোটেলে ছিলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি ওই নারীকে নিয়ে হোটেলে অবস্থানের সময় বিতণ্ডা শুরুর একপর্যায়ে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পালিয়ে যান মোস্তাফিজুর। নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত