এইউ সম্মেলন

বের করে দেওয়া হলো ইসরায়েলের কূটনীতিককে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় চলমান আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরায়েলি নারী কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এইউর বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। সম্মেলনে ইসরায়েলের প্রতিনিধির উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই তাকে বের করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্মেলনের উদ্বোধনী দিনে ওই ইসরায়েলি কূটনীতিক সারন বার-লির সঙ্গে তর্ক করেছেন এইউর নিরাপত্তারক্ষীরা। এরপর তিনি বের হয়ে যান। সারন বার-লি ইসরায়েলের আফ্রিকাবিষয়ক উপপরিচালকের দায়িত্বে আছেন। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একজন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃত এবং প্রবেশ ব্যাজ থাকা সত্ত্বেও সারন বার-লিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে ইসরায়েল কঠোরভাবে দেখছে।’ অবশ্য আফ্রিকান ইউনিয়নের একজন কর্মকর্তা জানান, ওই ইসরায়েলি কূটনীতিককে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি, শুধু আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের রাষ্ট্রদূত আলেলি আদমাসুকে ‘অ-হস্তান্তর যোগ্য’ আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত