কোটি টাকা আত্মসাৎ, তিন সার্ভেয়ার কারাগারে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ পিএম

ভূমি অধিগ্রহণে এক কোটি ১৩ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় চট্টগ্রামের তিন সাবেক সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ অফিসের সাবেক সার্ভেয়ার মো. মজিবর রহমান (৫২), মো. আমানাতুল মাওলা (৩৬) এবং আশীষ চৌধুরী (৫০)।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ থেকে জামিন আবেদন করেন আসামিরা। কিন্তু উচ্চ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিরা সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের জেলহাজত পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত তিন সার্ভেয়ারসহ ১৫জন আসামি পরস্পরের যোগসাজশে সরকারি ভাবে বরাদ্দকৃত জমির ক্ষতিপূরণের এক কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেন। অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পেয়ে মামলা দায়ের করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত