রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মাহবুবুর রহমান পলাশ নামে এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান পলাশ রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা।
রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, নিউ কলোনী এলাকার বাসিন্দা সৈয়দা সামসুন্নাহারের দায়ের করা মামলায় কাউন্সিলর পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় বাদীর অভিযোগ, তিন বছর আগে তার স্বামী ফজলুর রহমান মারা যান। তার তিন মেয়ে নিয়ে রেলের কোয়ার্টারে মানবেতর জীবনযাপন করছেন। জীবন জীবীকার জন্য নিউ কলোনীর মোড়ে ৩৬০ বর্গফুট জায়গা রেল থেকে লীজ নিয়ে একটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছেন। সোমবার দুপুর (২০ ফেব্রয়ারী) তিনটার দিকে কাউন্সিলর পলাশের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি সোঠা, লোহার রড নিয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এসময় খবর পেয়ে মা -মেয়ে সেখানে গেলে পলাশ টানা হেচড়া করে মেয়ের পরনের কাপড় বিবস্ত্র করে শ্রীলতাহানী ঘটায়। তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধোর করা হয় জামা টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুনের হুমকী দিয়ে চলে যায়। এ বিষয়ে সোমবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মাহবুবুর রহমান জানান, মা-মেয়েকে মারপিট ও শ্লীলতাহানির ঘটনায় কাউন্সিলর পলাশ ও বাবুসহ অজ্ঞাতনাম আরও চার পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাত ১টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে কাউন্সিলর পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। অপর আসামি বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য বিভিন্ন ঘটনায় কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে তিনটি মামলা হয়েছে।
