মাদারীপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরদারকান্দি গ্রামের শওকত ব্যাপারীর সঙ্গে একই এলাকার রব ব্যাপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে শওকত তার লোকজন নিয়ে দেয়াল নির্মাণ করতে যান। এতে বাধা দেন রব ও তার পরিবারের লোকজন। এ সময় প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক।
অভিযুক্ত শওকত ব্যাপারী বলেন, ‘আমার জায়গায় দেয়াল নির্মাণ করতে গেলে তারা হামলা চালায়।’
অপরদিকে, রব ব্যাপারী বলেন, ‘জমির সীমানা নির্ধারণ না করেই দেয়াল নির্মাণ করতে আসে শওকত ব্যাপারী। নিষেধ করলে তারাই প্রথমে হামলা চালায়।’
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।
