নাটোরের বাগাতিপাড়ায় সাকিবুল ইসলাম সোহাগ (২৫) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিবুল ইসলাম ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন সোহাগ। গত বৃহস্পতিবার ট্রেনযোগে রাতে নাজিরপুরে ফিরেন তিনি। সেই রাতেই হঠাৎ পাশের বাড়ির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে তার চিৎকারের শব্দ শোনা যায়। তখন লোকজন ছুটে এসে তাকে ওই বাড়ির বারান্দায় প্যান্টের চেইন খোলা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে সোহাগের পরকীয়ার সম্পর্ক ছিল।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণেই হত্যাকা-টি ঘটেছে। এ ঘটনায় তার ওই ভাবিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।’
