ক্রিকেটারদের মধ্যে গ্রুপিংকে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় সমস্যা বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গ্রুপিং বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা এবং এটাই বাস্তবতা।’
ক্রিকবাজে শনিবার প্রকাশিত সাক্ষাৎকারকারে বাংলাদেশের ড্রেসিংরুম নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি ড্রেসিংরুমের পরিবেশকে ‘অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেন।
নাজমুল হাসান বলেন, ‘আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং কিছুদিন আগে এর সম্পর্কে জানতে পেরেছি।’
বিশ্বকাপ চলাকালে টিম হোটেলে ঘটে যাওয়া কিছু বিষয় নাকি বিসিবি সভাপতির কানে এসেছে। যা তিনি বিশ্বাসও করতে পারেননি। সাক্ষাৎকারে বিসিবি বস দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কথাও স্বীকার করে নিয়েছেন।
নাজমুল হাসান পাপন বলেন, ‘সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর (ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব) অবসান ঘটাতে হবে। কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার- এখানে গ্রুপিং করার সুযোগ নেই।’
আরও পড়ুন
