হাওরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ নামক সেনানিবাস উদ্বোধন করতে আগামী মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত পুরো হাওরবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দেখার জন্যই প্রধানমন্ত্রীর মিঠামইন সফর। এর আগে ১৯৯৮ সালে মিঠামইনে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন শুনে হাওরবাসী উচ্ছ্বসিত। এককথায় হাওরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তায় রাস্তায় তৈরি করা হচ্ছে তোরণ।
তিনি আরও বলেন, হাওরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার জন্য নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।
