এক সপ্তাহ পর পুনরায় চালু পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী তোরখাম সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) ব্যস্ত এ বাণিজ্যিক পথ চালু হয়। তালেবান সরকার এক সপ্তাহ পথটি বন্ধ রেখেছিল।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে শনিবার সকাল ছয়টার দিকে তোরখাম সীমান্ত খুলে দেওয়া হয়। সীমান্ত এখন ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত বলে জানান আফগান কাস্টমস কর্মকর্তা মুসলিম খাকসার।

পাকিস্তানের একজন কাস্টম কর্মকর্তা জানান, চাল, সিমেন্ট, নির্মাণ ও ঔষধসহ ভোগ্যপণ্য সামগ্রী বহনকারী ট্রাক পাকিস্তান ছেড়ে গেছে। অন্যদিকে কয়লা, সবজি এবং ফলবহনকারী লরি পাকিস্তানে প্রবেশ করেছে। শনিবার সকালে পাকিস্তানের বর্ডারে অন্তত ১৪'শ ট্রাক আফগানিস্তানে পার হওয়ার জন্য অপেক্ষা করছিল।

সীমান্ত ক্রসিং খোলার পর পরই পারাপারের অপেক্ষায় থাকা মানুষ আনন্দ প্রকাশ করতে থাকে।

পাকিস্তানে পেশোয়ারের মসজিদে হামলার পর থেকে আফগানিস্তানের নাগরিকদের মেডিকেল সেবা নিতে পাকিস্তানে প্রবেশ করতে দিচ্ছিল না। এই অভিযোগে হঠাৎ করেই সীমান্ত বন্ধ করে দেয় তালেবান কর্তৃপক্ষ। ঘটনার পর দুই দেশের কর্মকর্তারা সমস্যা সমাধানে আলোচনায় বসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত