নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী এবং লাগোস প্রদেশের সাবেক গভর্নর বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন ৩৬ শতাংশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নাইজেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) বুধবার (১ মার্চ) অল প্রগ্রেসিভ কংগ্রেসের প্রধান বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করেন। অফিসিয়াল ফলাফল অনুযায়ী, বোলার প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকু আবু বাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
বিরোধী দলগুলো এর আগে এই নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল
গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) নাইজেরিয়ায় দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটগ্রহণের ত্রুটির কারণে দেশের কয়েকটি এলাকায় ভোট রবিবার পর্যন্ত সময় বাড়ানো হয়। আফ্রিকার বৃহত্তম গণতন্ত্রের এই দেশে প্রায় ৯০ মিলিয়ন মানুষ নির্বাচনে ভোট প্রদান করে।
