গ্রিসে একটি কার্গো ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনার পর স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে লারিসা শহরের বাইরে ট্রেন দুটির সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে যাচ্ছিল উত্তরের থেসালোনিকি শহরে; আর কার্গো ট্রেনটি উল্টো পথে থেসালোনিকি থেকে যাচ্ছিল লারিসা। সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লারিসা শহরের স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির কারণে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি ট্রেনের সিগন্যাল দেওয়ার দায়িত্বে ছিলেন। তবে তিনি দুর্ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। গ্রিসের প্রেসিডেন্ট এই দুর্ঘটনাকে ‘অকল্পনীয় এক মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেছে।
নিহতদের স্মরণে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। শোকের এই সময়ে সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনো অনুষ্ঠানও করা হবে না। দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় সাড়ে ৩০০ মানুষ ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ধ্বংসস্তূপে এখনো জীবিতদের সন্ধান চলছে।
