পঞ্চগড়ের আটোয়ারীতে এজহারভুক্ত আসামি গ্রেপ্তার করে ফেরার পথে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত চার পুলিশ সদস্য আহত হন।
গত মঙ্গলবার বিকেলে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমত এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চার নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের সরকারি কাজে বাঁধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়, কনস্টেবল জাহাঙ্গীর আলম, রাকিবুল হাসান ও মাসুদ রানা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে তোড়িয়া ইউনিয়নের কিসমত এলাকায় জমি সংক্রান্ত একটি মামলার এজহারভুক্ত আসামি ধরতে যান আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়সহ চার পুলিশ সদস্য। তারা কিসমত এলাকার এজহারভুক্ত শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে হাতকড়া লাগিয়ে থানায় ফিরছিলেন। এ সময় শহিদুলের পরিবারের কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায় এবং শহিদুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে আটোয়ারী থানা-পুলিশের একটি দল গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে হামলায় অভিযুক্তদের পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আটোয়ারী থানার ওসি সোহেল রানা বলেন, এজহারভুক্ত এক আসামিকে হাতকড়া লাগিয়ে নিয়ে আসার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় আটক চার নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাঁধাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
