বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, কারখানার উৎপাদন সরাসরি নির্ভর করে কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতার ওপর। শিল্প-কারখানায় তাদের স্বাস্থ্যের মানোন্নয়নে নিয়মিত অনুশীলনই পারে ভবিষ্যতে কভিড-১৯-এর মতো অদৃশ্য মহামারী প্রতিরোধ করতে।
গতকাল বৃহস্পতিবার আয়াত এডুকেশন, বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ইন্টেগ্রাল গ্লোবালের (আইজি) যৌথ উদ্যোগে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় ‘শ্রমিকদের সুস্থতাকে শক্তিশালীকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইন্টেগ্রাল গ্লোবালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জেনা বুটল্ফ। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনন্ত অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির প্রমুখ।
