নাগাল্যান্ড, ত্রিপুরায় বিজেপির জয় মেঘালয়ে এনপিপি

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০৩ এএম

ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনার শেষ খবর পাওয়া পর্যন্ত নাগাল্যান্ড ও ত্রিপুরায় বড় জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি। অন্যদিকে মেঘালয়ে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

মেঘালয় বিধানসভার ৫৯ আসনের ২৬টিতে জয় পেয়েছে এনপিপি। দলটি গতবারের চেয়ে ৬টি আসন বেশি পেয়েছে। ৮ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইডেট ডেমোক্র্যাটিক পার্টি-ইউডিপি। রাজ্যটিতে একক সরকার গঠনে প্রয়োজন ৩১ আসন। কোনো দল তা না পেলে জোট সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে এনপিপির জোটসঙ্গী হতে পারে ইউডিপি। মেঘালয়ে ভরাডুবি

হয়েছে ন্যাশনাল কংগ্রেসের। গতবারের চেয়ে ১৬ আসন কম পেয়ে ৫ আসনে জয় পেয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। অন্যদিকে গতবারের চেয়ে ৩ আসন বেশি পেয়ে ৫ আসনে চতুর্থ অবস্থানে বিজেপি।

নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি-এনডিপিপির সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে বাজিমাত করেছে বিজেপি। সরকার গঠনে প্রয়োজনীয় ৩১ আসনের চেয়ে ৮টি বেশি পেয়েছে জোট। গতবার কোনো আসন না পেলেও এবার দুটিতে জয় পেয়েছে কংগ্রেস। ত্রিপুরায় জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে বিজেপি। ৬০ আসনের রাজ্যটিতে নরেন্দ্র মোদির দল পেয়েছে ৩২ আসন। যদিও গতবার এই রাজ্যে ৪৪ আসনে জয় পেয়েছিল বিজেপি। বামদের নিয়ে জোট করা কংগ্রেস পেয়েছে ১৬ আসনে জয়। ১৩ আসন নিয়ে তৃতীয় অবস্থানে আছে রাজনৈতিক দল-ত্রিপ্রা মথা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত