রাস্তা সংস্কার দ্রুত শেষ করার দাবি

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:২৮ এএম

নাটোরের বড়াইগ্রামের জোনাইল-রাজাপুর রাস্তা সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে সংস্কারাধীন জোনাইল-রাজাপুর সড়কে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, ২০২০ সালের ২৯ অক্টোবর জোনাইল পাগলা বাজার থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও বর্ধিতকরণ কাজ শুরু হয়। গত বছরের ১২ এপ্রিল কাজের মেয়াদ শেষ হয়েছে। এরপর দুই দফা মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদও গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। ঠিকাদারের স্বেচ্ছাচারিতার কারণে প্রায় আড়াই বছরেও কাজ শেষ হয়নি। ফলে খোয়া বিছানো রাস্তায় যান চলাচলে ও সামান্য বাতাসে সারাদিন ধূলা উড়ছে। বাড়িঘর, দোকান-পাট ধুলাময় হয়ে পড়ছে। এতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়াসহ নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন স্থানীয়রা। বক্তারা অবিলম্বে রাস্তার অসমাপ্ত সংস্কার কাজ শেষ করার দাবি জানান।

উপজেলা প্রকৌশলী রবিউল আলম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি নিজেও রাস্তাটি পরিদর্শন করেছি। একাধিকবার চিঠি দেওয়াসহ মৌখিকভাবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তাকে দ্রুত কাজ শেষ করতে বলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত