রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
সাহাবুদ্দিনের ভাগনে মাহমুদুল হাসান নাফিজ জানান, তার মামা সৌদি আরব প্রবাসী। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। গত ফেব্রুয়ারি মাসে দেশে আসেন তিনি। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজেদের বাসায় থাকতেন।
নাফিজ আরও জানান, শনিবার সকালে মামা নিজের প্রাইভেটকার নিয়ে ব্যবসায়িক কাজে বের হন। রাতে মালিবাগের গুলবাগে রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
