গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আবদুর রাহিম (৭)। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সালিহার পাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। আবদুল হাকিম স্থানীয় একটি ডেকোরেটরের শ্রমিক হিসাবে কাজ করে। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করছেন। তাদের চার ছেলের মধ্যে আবদুর রাহিম সবার ছোট। তারা পরিবার নিয়ে জৈনা বাজার এলাকায় ভাড়ায় থাকতেন।
কয়েকজন স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিশুটি রাস্তার (মহাসড়ক) পশ্চিম পাশেই খেলছিল। এ সময় আচমকা সে রাস্তার পূর্ব পাশে পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি দ্রুত গতির বাস তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে। তারা বলেন বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মাতা থেঁতলে গেছে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই বাসটি পালিয়ে গেছে।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় বাসে পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন আমরা ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছি।
