বগুড়ার আদমদীঘিতে খড়বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশের খাদে পেড়েছে। এ ঘটনায় প্রায় ৩৫ যাত্রী আহত হয়। রবিবার বিকাল সোয়া ৩টায় উপজেলা সদরের শিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন বিকালে নওগাঁ থেকে খড়বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। একই সময় বগুড়া থেকে যাত্রীবাহী বাস নওগাঁ আসছিল। ঘটনাস্থলে এক অপরকে অতিক্রম করার সময় খড়ের ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে পাশের খাদে পড়ে যায়। তবে খড়বোঝাই ট্রাক দুত পালিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের পাশে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা বাসযাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।
