আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেক অনুষ্ঠান। এতদিন জুড়েই জল্পনা কল্পনা ছিলো চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কিনা ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে।
তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজদায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে।
হ্যারি ও মেগানের এক মুখপাত্র সানডে টাইমসকে জানান, এ দম্পতি চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। রাজ কার্যালয় থেকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের ই-মেইল পাঠানো হয়েছে।
তবে হ্যারি ও মেগান এ অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি। তাদের মুখপাত্র আরও জানান, ডিউক অফ সাসেক্স ও ডাচেস অফ সাসেক্স এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। ৬ মে হ্যারি-মেগানের ছেলে আর্চির জন্মদিনও।
২০২০ সালে স্বেচ্ছায় রাজদায়িত্ব ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এ দম্পতি। তবে রাজদায়িত্ব ছাড়লেও তাঁদের ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স উপাধি এখনো বহাল।
এদিকে ২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপ্রথা অনুযায়ী তাঁর ছেলে তৃতীয় চার্লস রাজা হয়েছেন। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে ৬ মে।
