স্ত্রীকে ইন্টারনেট কিনে দিয়েছে দূরসম্পর্কের ভাই, অভিমানে স্বামীর আত্মহত্যা

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৪:০৩ পিএম

রাত ১টার দিকে কাজ থেকে বাসায় ফিরে দেখতে পান স্ত্রী মোবাইলে ইন্টারনেট চালাচ্ছে। এ সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান, ইন্টারনেট প্যাকেজ কে কিনে দিয়েছে। জবাবে স্ত্রী জানান তার এক দূরসম্পর্কের ভাইয়ের কথা। আর এই নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে অভিমান করে স্ত্রী পাশের অন্য একটি ঘরে চলে যায়। আধা ঘণ্টা পর ফিরে এসে দেখতে পান স্বামীর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

শবেবরাতের রাতে (৭ মার্চ) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার কাজলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মিজান (৩২), পিতার নাম হোসেন মৃধা। গ্রামের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার গাবতলী গ্রামে। সীতাকুণ্ডের একটি লোহার ডিপুতে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন তিনি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, মূলত স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ নিয়ে বাগ্বিতণ্ডার কারণে এই আত্মহত্যা ঘটনা ঘটেছে বলে নিহতের স্ত্রী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত মিজানের গ্রামের বাড়িতে স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। গত চার মাস পূর্বে এখানে আরেকটি বিয়ে করে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রীরও আগের সংসারে একটি মেয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত