সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) ভোর রাতে রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার সেলিম রেজা রাজশাহী জেলার বাঘা থানার হরিনা গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। সে হাজারীবাগ এলাকার একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের ভুক্তভোগী ওই নারীকে (৩১) বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিল সেলিম। বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী নারী ওই যুবককে বিয়ের জন্য চাপ দিলে উল্টো ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে আত্মগোপনে চলে যায় সে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে বুধবার ভোররাতে সাভার মডেল থানা পুলিশ রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে ধর্ষক সেলিম রেজাকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মামলা দায়েরের পর ধর্ষণকারী সেলিম রেজাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
