অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক শিশুকে উদ্ধার ও তার মাদকাসক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশালের কালীবাড়ি এলাকার রিপনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় জানিয়ে গতকাল বুধবার দুপুরে শ্রীপুর থানার পুলিশ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অপহৃত সাত বছর বয়সী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। গত রবিবার বিকেলে শিশুটি বাড়ির কাছে খেলা করছিল। পরে কৌশলে একাধিক ব্যক্তি তাকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে অহরণকারীরা। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ত্রিশালের একটি বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় শিশুর বাবা কামরুজ্জামানকে (২৮)।
ওসি আরও জানান, শিশুর বাবা গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান অপহরণের সব দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার প্রবাস ফেরত বাবার (শিশুটির দাদা) কাছ থেকে কৌশলে টাকা নিতেই এ অপহরণ নাটক সাজান। এ সময় তার সহযোগী সম্রাটকেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
