ইউক্রেনে যাচ্ছে মাতাল চালকদের জব্দ গাড়ি

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২:১২ এএম

চলমান যুদ্ধে মিত্র ইউক্রেনকে ব্যতিক্রমী সহায়তা দিচ্ছে ইউরোপের দেশ লাটভিয়া। মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য যেসব যানবাহন জব্দ করা হয়েছে সেগুলো ইউক্রেনের সেনাবাহিনী ও হাসপাতালে পাঠাচ্ছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে লাটভিয়ার এই ব্যতিক্রমী সহায়তার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তুষারঢাকা সড়কে একটি ট্রেলারে করে সাতটি প্রাইভেট কার ইউক্রেনের উদ্দেশে রওনা দিয়েছে।

১৯ লাখ মানুষের বাল্টিক দেশটিতে মাত্র দুই মাসে মাতাল চালকদের কাছ থেকে ২০০ গাড়ি জব্দ করা হয়েছে। দেশটির আইন অনুসারে, যাদের রক্তে অ্যালকোহলের মাত্রা শূন্য দশমিক ১৫ শতাংশ, তাদের গাড়ি চালানোর অনুমতি নেই। লাটভিয়া সরকার টুইটার কনভয় নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে গাড়িগুলো ইউক্রেনে পাঠানোর দায়িত্ব দিয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা রেইনিস পজনাকস বলেন, ‘যে হারে মাতাল চালকরা আমাদের আশপাশে গাড়ি চালাচ্ছে তা শিউরে ওঠার মতো। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতি সপ্তাহে তাদের কাছ থেকে জব্দ করা ২৪টি গাড়ি আমাদের দেওয়া হবে। এই গাড়িগুলো ইউক্রেনে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার জন্য কাজে লাগানো হবে।’

পজনাকস বলেন, ‘রাস্তায় এত মাতাল চালকদের গাড়ি কেউ চায় না। সরকারের গাড়ি জব্দের প্রতিবাদে অনেক মাতাল চালককে আবার মজার প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। জব্দ করা একটি গাড়ির মালিক তো গাড়িতে রাশিয়ার পতাকাই সাঁটিয়ে দিয়েছেন।

এটি দেখেই আমার হাসি পেয়েছে।’ তিনি জানান, গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পর টুইটার কনভয় ইতিমধ্যে ১ হাজার ২০০ যানবাহন ইউক্রেনে পাঠিয়েছে। টুইটারে গাড়ি ক্রয়, মেরামত ও বিভিন্ন সরঞ্জাম কিনতে আহ্বান জানিয়ে সংস্থাটি ২১ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে।

লাটভিয়ার অর্থমন্ত্রী আরভিলস আসেরাডেন্স বলেন, নিলামে কেনা গাড়িগুলো ইউক্রেনে পাঠানোতে এনজিওটির সাফল্যে সরকার অনুপ্রাণিত হয়েছে। এ জন্য তাদেরকে জব্দ করা গাড়িগুলো দিয়েছি। দেশটির পুলিশের তথ্য অনুসারে, গত বছর লাটভিয়ার সড়কে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি মদ পান করে গাড়ি চালিয়েছেন ৪ হাজার ৩০০ চালক। দেশটিতে বছরে প্রায় হাজার খানেক দুর্ঘটনার নেপথ্যে থাকে মাতাল চালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত