ময়মনসিংহ সিটি করপোরেশন

উন্নয়ন কর্মযজ্ঞে পাল্টে গেছে নগরীর চিত্র

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০১:২৪ এএম

সিটি করপোরেশন গঠনের পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে ময়মনসিংহ। ২০১৮ সালের ২ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশের পর ময়মনসিংহ নগরীর চিত্র অনেকটাই বদলেছে। রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধার উন্নতি হয়েছে। তবে অপ্রশস্ত সড়ক ও যানজটসহ কিছু সংকট রয়ে গেছে। বর্তমানে পুরো সিটিজুড়ে চলছে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। নগরীর সড়ক, ড্রেনেজ নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় প্রায় ৫৬৩ কোটি টাকার একটি বড় আকারের প্রকল্প চলমান রয়েছে। প্রায় প্রতিটি ওয়ার্ডের মূল সড়ক ও অলিগলিতে কাজ চলছে। কর্মযজ্ঞে সাময়িক ভোগান্তিও পোহাতে হচ্ছে নগরবাসীকে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ৯৭ কিলোমিটার আরসিসি, ৭৮ কিলোমিটার বিসি, ২ কিলোমিটার সিসি সড়ক, ৮৫ কিলোমিটার ড্রেন ও ৭ কিলোমিটার ফুটপাত। এ ছাড়া অন্যান্য প্রকল্প থেকে ইতিমধ্যে ৮০ কিলোমিটার নতুন রাস্তা এবং ৪৩ কিলোমিটার ড্রেনের কাজ শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ২২-৩৩ নম্বর ওয়ার্ডে প্রশস্ত রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন নির্মাণের ফলে মূল শহরের অভ্যন্তরে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই নিরসন হয়েছে। ক্লিনসিটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বেশকিছু নাগরিক সেবাকে নেওয়া হয়েছে অনলাইনে। করপোরেশনকে তিনটি অঞ্চলে বিভক্ত করে জন্মনিবন্ধন, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

কাঠগোলা এলাকার বাসিন্দা আশরাফুল হক বলেন, ‘প্রায় প্রতিটি ওয়ার্ডেই উন্নয়ন কাজ হচ্ছে। তবে কিছু সংকট রয়েই গেছে। অপ্রশস্ত সড়কের কারণে যানজটের দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।’

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আমীন কালাম বলেন, ‘নগরীতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এতে নগরবাসী সাময়িক অসুবিধার সম্মুখিন হচ্ছে। তবে কাজগুলো সম্পন্ন হলে ময়মনসিংহ হবে দেশের অন্যতম একটি আধুনিক নগরী।’

সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নে ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন উপহার দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত