পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শুধু যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তা কিন্তু না। এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্টের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৭ম বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভূমি কমিশন বিষয়সহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর শান্তিচুক্তি বাস্তবায়নের যে কমিটি আছে ধীরে ধীরে লক্ষ্যের দিকে যাচ্ছি।’
এসময় কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘পার্বত্য চুক্তির বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়েছে। অনেকগুলো বাস্তবায়িত হয়নি। অনেকগুলো প্রক্রিয়াধীন। যে সব বিষয় বাস্তবায়িত হয়নি সে বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে।
কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। যে সব বিষয় অমীমাংসিত ছিল সে সব বিষয়ে অগ্রগতি হচ্ছে।’
