বিয়ের দাবিতে ১০০ কিলোমিটার হাঁটলেন ৬০ যুবক

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিয়ের দাবিতে প্রায় ১০০ কিলোমিটারের পদযাত্রা করেছেন এক দল যুবক। পদযাত্রার পর তারা মন্দিরে প্রার্থনা করেছেন যেন তাদের কপালে বউ জোটে। ঘটনাটি সোশালে ভাইরাল হতেই হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় অধিকারকর্মীরা বলছেন, এ ঘটনায় ওই অঞ্চলের আর্থ সামাজিক সংকটের একটি চিত্র ফুটে উঠেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩০ জনের একটি দল এই পদযাত্রা শুরু করে। শেষপর্যন্ত এতে অংশ নেন অন্তত ৬০ জন। তাদের প্রায় সবাই ওই রাজ্যের মান্ডিয়া জেলার কৃষক। বিগত কয়েক দশক ধরেই অঞ্চলটিতে নারী-পুরুষের অনুপাতের পার্থক্য বেড়েই চলেছে। সে কারণে অনেক পুরুষই বিয়ের করার জন্য পাত্রী খুঁজে পায় না। এ ছাড়া অনেকের উপার্জন কম থাকা বা নারীদের মধ্যে ভিন্ন গোত্রে পছন্দ করার ঘটনার কারণেও পাত্রী সংকট তৈরি হয়েছে।

পদযাত্রায় অংশ নেওয়া মাল্লেশা ডিপি (৩৩) বলেন, যখন প্রেম করার বয়স ছিল তখন আমি কাজ করেছি। অর্থ উপার্জন করেছি। এখন আমার সব আছে কিন্তু বিয়ে করার জন্য পাত্রী নেই। মাল্লেশা ডিপি মনে করেন তিনি বিয়ের বয়স অতিক্রম করে ফেলেছেন।

পদযাত্রার আয়োজকদের একজন শিবপ্রসাদ কেএম বলেন, এই কর্মসূচির কথা ঘোষণার পর ২০০ জনের মতো নিবন্ধন করেছিল। তবে অংশ নিয়েছে ৬০ জন। অনেকে অংশ নেননি কারণ স্থানীয় মিডিয়া পদযাত্রাটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত