ভারতে হংকং ফ্লুতে দুইজনের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০১:৫৩ পিএম

এইচথ্রিএনটু ভাইরাসে (হংকং ফ্লু) আক্রান্ত হয়ে ভারতে দুই রাজ্যে দুইজন মারা গেছে। মৃতদের মধ্যে এক জন হরিয়ানার বাসিন্দা, অন্য জন কর্নাটকের।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্ণাটকের হাসান অঞ্চলের বাসিন্দা হিরে গৌড়কে এইচথ্রিএনটু ভাইরাসে মৃত প্রথম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাঁর বয়স ৮২ বছর। কর্মকর্তারা জানান, তিনি ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন এবং ১ মার্চ মারা যান। গৌড় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

এখন পর্যন্ত ভারতে এইচথ্রিএনটু ভাইরাসে ৯০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

চিকিৎসকরা বলছেন উপসর্গের মাঝে রয়েছে কাশি, জ্বর, ঠাণ্ডা লাগা ও শ্বাসকষ্ট হওয়া। কিছু রোগী বমি বমি ভাব, গলা ফুলে যাওয়া, শরীরে ব্যথা ও ডায়রিয়ার কথাও জানিয়েছেন। এ উপসর্গগুলো ১ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

এইচথ্রিএনটু ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগে ভারতীয় চিকিৎসকেরা। গত ছয় মাসে ভাইরাসটি রূপ পরিবর্তন করেছে বলে দাবি চিকিৎসকদের। এই ভাইরাসের প্রভাবে যে ফ্লু হয়, তার নামকরণ করা হয়েছে ‘হংকং ফ্লু’।

এই ভাইরাস বিশেষ করে শ্বাসনালি ও ফুসফুসে সংক্রমণ করছে যা প্রাণঘাতী হচ্ছে অনেক ক্ষেত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত