মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকরা মেতেছে তাদের ঐতিহ্যবাহী ও বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান ফাগুয়া উৎসবে। প্রতি বছর ফাল্গুনে দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী ১৫ দিন পর্যন্ত এই জনগোষ্ঠী উৎসবটি পালন করে। গতকাল শনিবার ছিল ফাগুয়া উৎসবের পঞ্চম দিন। এদিন ফাগুয়া উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে বিকেল ৪টার দিকে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা শ্রমিকরা এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয়দের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ফাগুয়া উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক বিজয় বুনার্জীর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার (সিলেট) নীরাজ কুমার জায়সওয়াল।
