বরিশালের হিজলা উপজেলার মেঘনায় অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় নৌপুলিশের সদস্যসহ সাতজন আহত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি। পুলিশ এ ঘটনায় গতকাল শনিবার আটজনকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে, সদস্য জাকারিয়া, নৌকার মাঝি সালাউদ্দিন ফকির, মাঝির সহকারী হেদায়েত উল্লাহ, মো. ইয়াকুব, মো. রাজু ও মো. সোহাগ।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার ও নৌপুলিশের নৌকার মাঝি সালাউদ্দিন ফকিরের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা নৌপুলিশের একটি দল নিয়ে মেঘনার অভয়াশ্রমে অভিযান পরিচালনা করেন। এ সময় নদী থেকে কারেন্ট জাল তুলতে চেষ্টা করলে তাদের ওপর ইট, পাথর, বাঁশ নিক্ষেপ করে জেলেরা। এসময় মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ স্পিডবোটে থাকায় রেহাই পান তিনি। নৌপুলিশ আট রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জসহ কয়েকজন আহত হয়েছেন। তারা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আট আসামিকে গতকাল শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
