গরুর মাংস বহনের অভিযোগে ভারতের বিহার রাজ্যে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম নাসিম কুরেশি (৫৬)। গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পূর্ব বিহারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিহারের রসুলপুর পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা রামচন্দ্র তিউয়ারি এসব কথা জানান।
পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রায় ২০ জন লোক ঘিরে ধরেছিলেন নাসিম কুরেশিকে। তারপরই শুরু হয় মারধর। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে গরু অতি পবিত্র। দীর্ঘদিন ধরে একদল কট্টরপন্থী হিন্দু গরু জবাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছেন।
গরুর মাংস বহনের দায়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও গরু জবাই কিংবা গরুর মাংস বহন করার কারণে এমন নৃশংসতার মুখে পড়তে হয়েছে অনেককে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সাল থেকে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা আরও আগ্রাসী হয়ে ওঠেন। দেশটির কিছু অঞ্চলে গরুর মাংস কেনা এবং বিক্রি করা ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
