স্থাপত্যে ৪ মহাদেশের ৫ মসজিদ পুরস্কৃত

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:২৩ এএম

সৌদি আরবে চতুর্থবারের মতো আবদুল লতিফ আল-ফাওজান অ্যাওয়ার্ড ফর মস্কো আর্কিটেকচার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের চার মহাদেশের পাঁচটি মসজিদ এ পুরস্কার লাভ করেছে। গত ৫ মার্চ রিয়াদের ন্যাশনাল মিউজিয়াম হলে এক বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার দেওয়া হয়।

পাঁচ মসজিদের স্থপতিদের পুরস্কার দেন রিয়াদ অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পুরস্কারবিষয়ক ট্রাস্টি বোর্ডের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস।

পুরস্কারপ্রাপ্ত মসজিদগুলো হলো ইউরোপীয় মহাদেশ থেকে সার্বিয়ার তোপালা মসজিদ ও সেøাভেনিয়ার লিউব্লিয়ানা মসজিদ; এশিয়া অঞ্চলে তুরস্কের আলি পাশা মসজিদ, অস্ট্রেলিয়া মহাদেশে অস্ট্রেলিয়ার ইসলামিক সেন্টার মসজিদ ও আফ্রিকা মহাদেশে মোজাম্বিকের আবু বকর মসজিদ।

আল-ফাওজান অ্যাওয়ার্ডের সেক্রেটারি জেনারেল ড. মাশারি আল-নাঈম বলেছেন, ‘আল্লাহর ঘর মসজিদের প্রতি সবার গুরুত্ববোধ তৈরি করা এবং সামাজিক কেন্দ্রবিন্দু হিসেবে এর সাংস্কৃতিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করাই এ পুরস্কারের প্রধান লক্ষ্য। মসজিদের স্থাপত্য ও প্রকৌশলবিষয়ক তথ্য এবং এ ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রকৌশলীদের বিবরণ বিভিন্ন ভাষায় ইলেকট্রনিক প্ল্যাটফরমে তুলে ধরতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়।’

শায়খ সুদাইস বলেছেন, ‘মসজিদের স্থাপত্য পুরস্কার আল্লাহর পবিত্র ঘরের প্রতি বিশেষ সম্মাননার প্রতীক। এর মাধ্যমে স্থাপত্য ও নকশায় সৃজনশীল কাজের অনুপ্রেরণা বাড়বে। মুসলিমসমাজে মসজিদ একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই হজরত রাসুলুল্লাহ (সা.) হিজরতের পর প্রথমে মসজিদে নববি তৈরির কাজ শুরু করেছিলেন।’

২০১১ সালে মসজিদের স্থাপত্যের জন্য আবদুল লতিফ আল-ফাওজান পুরস্কার প্রতিষ্ঠিত হয়। নগরায়ণ, স্থাপত্য ও প্রযুক্তিগত দিকগুলো বিবেচনা করে প্রতি তিন বছর পরপর এই পুরস্কার দেওয়া হয়। আধুনিক বিশ্বের মসজিদের স্থাপত্যবিষয়ক জ্ঞানের বিকাশে অবদান রাখতে পুরস্কারটি চালু করা হয়।

২০২১ সালে আবদুল লতিফ ফাওজান আন্তর্জাতিক ‘মসজিদ স্থাপত্য শিল্পবিষয়ক অ্যাওয়ার্ড’-এর তৃতীয় সেশনে মুসলিম বিশ্ব থেকে সাতটি মসজিদ স্থাপত্য শিল্পের অনন্যসাধারণ নিদর্শন হিসেবে নির্বাচিত হয়। এর একটি ছিল কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ, যা ‘লাল মসজিদ’ নামে খ্যাত।

এবারও বাংলাদেশের দুটি মসজিদ এশিয়া অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়। মসজিদ দুটো হলো রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমান ইকোনমিক জোনে নির্মিত মসজিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত