লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিখোঁজ ৩০

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১০:২৬ এএম

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ ও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে গতকাল রোববার ইতালির কোস্টগার্ড এসব তথ্য জানায়। কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা নৌকাটি প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। এতে সহযোগিতা করছে বাণিজ্যিক জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

এর আগে রবিবার দ্য মেডিটেরানিয়া সেভিং হিউম্যান্স দাতব্য সংস্থা টুইটারে বলেছিল, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিল। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকালে ডুবে যাওয়ার সময় নৌকাটি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে ছিল।

কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বাণিজ্যিক জাহাজের প্রাথমিক উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে লিবিয়া কর্তৃপক্ষ ইতালির সহযোগিতা চাইলে সাগরের ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

তবে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া কিংবা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, প্রাথমিকভাবে তা জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত