নারায়ণগঞ্জে ফতুল্লায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া অন্তঃসত্ত্বা কুলসুম (২৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন।
সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটের ৫তলায় সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন আট মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ। কুলসুমের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. সঞ্জয় কুমার দাস বলেন, শিশুটির ওজন দেড় কেজি হয়েছে এবং কিছুটা শ্বাসকষ্ট আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে যায় এবং আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
