শ্বশুর বাড়ি থেকে সেই বাসচালক গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৫:০৪ পিএম

চট্টগ্রামে রেলের ওয়াগন ও বাসের সংঘর্ষে রেলকর্মীসহ তিনজন নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ মার্চ) রাতে চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের রেলওয়ে পুলিশের এসপি হাছান চৌধুরী। গ্রেপ্তার মো. খোরশেদ আলম খোকনের (৩৪) বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। তিনি থাকেন নগরের বন্দরটিলা এলাকায়। গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল ডিপোর সামনে ওয়াগন ও মিনিবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত হন তিনজন।

রেলওয়ে পুলিশ জানায়, তেলবাহী ওয়াগনটি মেঘনা অয়েলের ডিপোতে প্রবেশ করছিল। আর ১২ নম্বর রুটের মিনিবাস চালিয়ে খোরশেদ বিমানবন্দর এলাকা থেকে ইপিজেডের দিকে যাচ্ছিল। ওয়াগন রেললাইন অতিক্রমের সময় সেখানে দায়িত্বরত রেলের পয়েন্টসম্যান আজিজুল হক বাসটিকে থামার সংকেত দেন। সংকেত অমান্য করে বাসটি এগিয়ে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে উল্টে যায়। এতে রেলের ওই পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হন। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর খান বাদী হয়ে বাসচালককে আসামি করে মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত