যুক্তরাজ্যে পালানো বেবিচকের সেই তানিয়া চাকরিচ্যুত

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০১:৫৩ এএম

যুক্তরাজ্যে স্বামীর কাছে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) লাইব্রেরিয়ান তানিয়া আক্তার। এরপর আর ফেরেননি। ছুটি চাওয়ার আগে কখনো নিজের অসুস্থতার কথা বলেছেন, কখনো বলেছেন প্রয়োজন ‘কমপ্লিট বেড রেস্ট’। এমনকি ছুটি বাড়াতে প্রেগন্যান্সি লিভও নিয়েছেন। কিন্তু সেই ছুটি শেষেও ফেরেননি। ‘মেয়ের পাসপোর্ট হয়নি’ সর্বশেষ দেন এমন অজুহাত। দীর্ঘ ১৯ মাস চিঠি চালাচালির পর এই তানিয়া আক্তারকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে বেবিচক কর্র্তৃপক্ষ। গত যুক্তরাজ্যে পালানো বেবিচকের সেই তানিয়া চাকরিচ্যুত ৮ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) পদে বেবিচকে চাকরি করতেন তানিয়া। যা আইন শাখার অধীনে ছিল। ২০২১ সালের ২ জুন চার মাসের ছুটি চেয়ে আবেদন করেন তানিয়া। ছুটির কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাজ্যে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার মাসের জায়গায় দুই মাসের ছুটি মঞ্জুর করে বেবিচক। এরপর একই বছরের ১৪ জুন তিনি যুক্তরাজ্যে যান।

তবে আগস্টে ছুটি শেষে না ফিরে যুক্তরাজ্য থেকে বেবিচককে চিঠি পাঠান তানিয়া। চিঠিতে তিনি নিজেকে গর্ভবতী বলে দাবি করেন। ১৮ আগস্ট পাঠানো সেই চিঠিতে তানিয়া বেবিচককে জানান, তিনি গর্ভবতী ও শারীরিকভাবে অনেক অসুস্থ। সেখানকার চিকিৎসক তাকে ৬-৭ মাস বেড রেস্টে থাকতে বলেছেন। সে কারণে চিঠিতেই তিনি ছুটি বাড়ানোর অনানুষ্ঠানিক আবেদন জানান। তবে ছুটির আবেদন প্রক্রিয়া না মেনে চিঠিতে ছুটি চাওয়ায় তা মঞ্জুর করেনি বেবিচক। বরং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে প্রথমে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। পরে গত বছরের ৩১ মার্চ তার বিরুদ্ধে ‘পলায়ন’র অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি ১০ কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে মামলার শুনানিতে অংশ নিতে ইচ্ছুক কি না তা জানাতে বলা হয়।

বেবিচকের এই চিঠি তাদের ওয়েবসাইট, তানিয়ার ব্যক্তিগত ই-মেইল অ্যাড্রেস, তানিয়ার বাংলাদেশের বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং তার যুক্তরাজ্যের ঠিকানায় পাঠানো হয়।

বেবিচক কর্মকর্তারা জানান, ২০২২ সালের ১১ এপ্রিল তানিয়া ফিরতি ই-মেইলে সশরীরে উপস্থিত থাকা সম্ভব না বলে জানান। এরপর এই মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চলতি বছরের ১২ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতে তানিয়া ‘পলায়ন’ করেছেন বলে প্রমাণিত হয়। সেদিনই তাকে চাকরি থেকে বরখাস্ত করে বেবিচক। এ ছাড়া পাশাপাশি তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। সেটির উত্তর ৭ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়। পরে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তানিয়া ‘কন্যাসন্তানের পাসপোর্ট হাতে পাইনি বলে দেশে ফিরতে পারিনি’ এমন বাক্য লিখে কারণ দর্শানোর উত্তর দেন।

তবে তানিয়ার উল্লিখিত এই কারণ যুক্তিযুক্ত না হওয়ায় তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। গত ৮ মার্চ তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘তানিয়া আক্তার যুক্তরাজ্য গিয়ে এতদিন ওই দেশে অবস্থান করায় সত্যিই সন্দেহের অবকাশ রয়েছে। নিয়ম অনুযায়ী তিনি দূতাবাসের মাধ্যমেও ছুটি বাড়ানোর কোনো আবেদন করেননি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২১ এর ৪৯(গ) বিধি অনুযায়ী তাকে পলায়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তার প্রতি গুরুদণ্ড আরোপপূর্বক বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ বেবিচকের কাছ থেকে ছুটি নেওয়ার সময় যুক্তরাজ্যের ক্যামব্রিজে লিওনার্দো ক্লোজ নামে একটি এলাকায় থাকার ঠিকানা ও একটি মোবাইল নম্বর দিয়েছিলেন তানিয়া। তবে সেটি আদৌ সঠিক কি না এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি বেবিচক।

‘পালিয়েছেন’ বেবিচকের আরও ৩ কর্মকর্তা : এর আগেও বেবিচকের দুই কর্মকর্তা বিদেশে পালিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। আরেকজন নিখোঁজ রয়েছেন। তাদের হদিস পাচ্ছে না বেবিচক। বিদেশে পলায়নকারীদের মধ্যে একজন বেবিচকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. শহীদুজ্জামান। তিনি ২০২১ সালের শুরুর দিকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফিরে আসেননি। একাধিকবার নোটিস দিয়েও তাকে কর্মস্থলে ফেরত আনা যায়নি। বাধ্য হয়ে শহীদুজ্জামানকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বেবিচকের বিভিন্ন প্রকল্পের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অন্তত ১০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

বেবিচকের আরেক প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল খালেকও কানাডায় পাড়ি জমিয়েছেন। তার বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল। তাকেও চাকরি থেকে বরখাস্ত করে বেবিচক।

এ ছাড়া যশোর বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলমকেও খুঁজে পাচ্ছে না বেবিচক। প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) নিয়ে নিজ বাড়ি পাবনায় যান মাহবুব। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও আর কর্মস্থলে ফেরেননি। এ বিষয়ে ২২ নভেম্বর তাকে নিজ অবস্থান ব্যাখ্যা করার জন্য তলব করে বেবিচক। পরে তার বাসায় চিঠি পাঠানো হয় ও হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়। সেসময় তাকে সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হলেও তিনি আসেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত