চট্টগ্রামে বাস চাপায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে নগরের অক্সিজেন গোলচত্বরের অদূরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক থাকেন নগরের অক্সিজেন চক্রেসো কানন আবাসিক এলাকায়। তিনি হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক মো. বশির গাজী বলেন, কর্মস্থলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে সাকিয়াতুল কাউছার পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টোপথে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ। বাসচালকের নাম মো. রাজিব (২৮)। বাড়ি নোয়াখালী জেলায়। তিনি থাকেন বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার এলাকায়। পুলিশ জানায়, নগরের নিউমার্কেটগামী গাউছিয়া এন্টারপ্রাইজ নামের বাসটি অক্সিজেন মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেইটের দিকে যাওয়ার সময় চালক রাজিব যানজট এড়াতে উল্টোপথে দ্রুতগতিতে বাসটি নিয়ে যাচ্ছিল।
