কাপাসিয়ায় মানববন্ধন

গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে এনজিও উধাও

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২:২৭ এএম

গাজীপুরের কাপাসিয়ায় গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘পল্লী উন্নয়ন কর্মসূচি’ নামে একটি ভুয়া এনজিও। ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মুক্তিযোদ্ধা চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে।

জানা যায়, গ্রাহকদের আকর্ষণীয় সুযোগ-সুবিধায় ঋণ দেওয়ার নামে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ওই এনজিওর কর্মকর্তারা। গত রবিবার ওই এনজিও থেকে প্রত্যাশিত ঋণের টাকা নিতে এসে শত শত গ্রাহক অফিসে তালা ঝুলতে দেখে কর্মকর্তাদের মোবাইল নম্বরে ফোন দিয়ে সবগুলো নম্বর বন্ধ পান। পরে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এর প্রতিকার চেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীরা জানান, উপজেলা সদরের কলেজ রোডের কাজীবাড়ি এলাকায় বাদলের বাড়িভাড়া নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে ‘পল্লী উন্নয়ন কর্মসূচি’ নামে একটি এনজিও কার্যক্রম শুরু করে। এনজিওর লোকজন বিভিন্ন দলে বিভক্ত হয়ে মৎস্য, পোলট্রি ও ডেইরি খামার এবং ব্যবসা ও প্রবাসে যেতে সহজশর্তে ঋণ দেওয়ার প্রচারণা চালান। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত