পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রেখেছে ভারত। রাশিয়া গত পাঁচ বছরে ভারতকে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। আরও এক হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের কার্যাদেশ দিয়ে রেখেছে। গত রবিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে রুশ অস্ত্রের বৃহত্তম ক্রেতা ভারত। মস্কোর কাছে বর্তমানে যে পরিমাণ অস্ত্র বানানোর কার্যাদেশ রয়েছে, তার ২০ শতাংশই ভারতের। রাশিয়ার পরই ফ্রান্সের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। দেশটির ২৯ শতাংশ অস্ত্রের জোগান দেয় ফ্রান্স। মাত্র ১১ শতাংশ অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রুশ অস্ত্র সরবরাহ ৬২ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে। এরপরও রাশিয়া থেকেই এখনো সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেন ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ রাশিয়ার অস্ত্র কেনার আগ্রহ বজায় রেখেছে।
×
