কুড়িগ্রামের ফুলবাড়িতে ভিজিডি কার্ডের জন্য দাবিকৃত পাঁচ হাজার টাকা না দেওয়ায় গোলজার হোসেন নামে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ায় ইউপি সদস্য মাহফুজার রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজারে এ ঘটনা ঘটে। বাদল কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
গোলজার হোসেন জানান, সম্প্রতি তার পুত্রবধূ ববিতা ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। বাদল কৌশলে ববিতার কার্ডটি তুলে রেখে দেন। বৃহস্পতিবার বাদলের কাছে কার্ডটি চাইলে তিনি পাঁচ হাজার টাকা দাবি করেন। গোলজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কির একপর্যায়ে বাদল লাঠি দিয়ে গোলজারকে আঘাত করলে তার মাথা ফেটে যায়।
