পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল শুক্রবার এ পদক্ষেপ নিয়ে ইমরান খানকে শনিবার ট্রায়াল কোর্টে হাজির হওয়ার সুযোগ দিল আদালত। সেখানে ইমরানের বিরুদ্ধে তোশাখানা মামলার শুনানি চলছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের রায়ে ইসলামাবাদ সেশন আদালত এবং পুলিশকে ইমরানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন।
এ সময় আদালতে ইমরানের আইনজীবী বলেন, যা কিছুই ঘটুক ইমরান আগামীকাল (শনিবার) আদালতে হাজির হবেন। এরপরই বিচারপতি ফারুক ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ সেশন আদালতে শনিবারের শুনানি পর্যন্ত স্থগিত করেন এবং ইমরানকে হয়রানি না করার জন্য পুলিশকেও নির্দেশ দেন। ১৮ মার্চ আদালতে হাজির থাকতে ইমরানকেও নির্দেশ দেন তিনি।
এর আগে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, ইমরান খান এদিন নিজেই লাহোর হাইকোর্টে গিয়ে বিচারককে আশ্বস্ত করবেন যে, তিনি ইসলামাবাদের আদালতে যেতে প্রস্তুত। এ মর্মে একটি মুচলেকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তোশাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফেব্রুয়ারির শেষ দিকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদের সেশন আদালত। পরে পিটিআই এই পরোয়ানায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে ১৩ মার্চ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। কিন্তু শুনানিতে অনুপস্থিত থাকার কারণে গত সোমবার ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতের বিচারক জাফর ইকবাল।
গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে করা পিটিআইর আবেদনও বৃহস্পতিবার নাকচ করেন সেশন আদালতের বিচারক। শুক্রবার এই পরোয়ানা স্থগিত চেয়ে ইমরান যান ইসলামাবাদ হাইকোর্টে। তারপরই এতে স্থগিতাদেশ এলো।
