মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের মধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে ঢাকায়, শিবচরের ইসলামী হাসপাতালে তিন জন, লাইফ কেয়ার হাসপাতালে একজন, রয়েল হাসপাতালে একজনসহ কয়েকজন শিবচরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
